পরপর চারটি হিট গানের পর এবার এলো ‘কলঙ্ক’ সিনেমার পাঁচ নম্বর গান। শনিবার রাতে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় ‘আইরা গাইরা’ শিরোনামের ড্যান্স নাম্বারটি। ইউটিউবে রাতারাতি দেখা হয়েছে ৩২ লাখের বেশিবার।
সিনেমায় আলিয়া ভাটের প্রেমিক চরিত্রে আছেন বরুণ ধাওয়ান, স্বামী হয়েছেন আদিত্য রায় কাপুর। সিনেমা মুক্তির আগে এই দুই নায়ককে প্রথমবার একসঙ্গে দেখা গেল গানটিতে। আর চমক হিসেবে আছেন হালের জনপ্রিয় নায়িকা কৃতি স্যানন। নায়কদের সঙ্গে তিনি নাচের তালে ঝড় তুলেছেন দর্শক হৃদয়েও।
‘আইরা গাইরা’র কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। প্রীতমের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন অন্তরা মিত্র, জাভেদ আলী ও তুষার জোশি। বেগুনি লেহেঙ্গায় সেজেছেন কৃতি। বরুণ ও আদিত্য পরেছেন যথাক্রমে সবুজ ও কালো কুর্তায়।
গানটির টিজার শনিবার সকালে ইনস্টাগ্রামে শেয়ার করেন কৃতি। সেখানে বলেন, রাতে দারুণ কিছু হতে যাচ্ছে। আরেকটি পোস্টে দুই নায়কের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহা। ১৯৪০ এর দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘কলঙ্ক’ পরিচালনা করেছেন অভিষেক বর্মণ। মুক্তি পাবে ১৭ এপ্রিল।
