চলতি মৌসুমে আলোচিত তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র। ক্লাবটির হয়ে দারুণ ফর্মে আছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বেড়েছে তার দামও।
খেলোয়াড়দের ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী ভিনিসিউসের বর্তমান মূল্য সাত কোটি ইউরো। গত ১৮ মাসে তার দাম বেড়েছে সাতগুণ। উদীয়মান এই তারকা এখন রিয়াল মাদ্রিদের চতুর্থ দামি খেলোয়াড়। তার উপরে আছেন টনি ক্রুস, রাফায়েল ভারানে ও মার্কো আসেনসিও। তাদের মূল্য সেট করা হয়েছে ৮ কোটি ইউরো করে।
বর্তমান লা লিগায় সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় দ্বাদশ হলেন ভিনিসিউস। আর ২০০০ সালের পর জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হলেন তিনি।
বর্তমান ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে চতুর্থ দামি খেলোয়াড় হলেন ভিনিসিউস। তার স্বদেশী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি পিএসজির ফরোয়ার্ড নেইমার (১৮ কোটি ইউরো)। এরপর আছেন বার্সেলোনার ফিলিপে কৌতিনিয়ো (১০ কোটি ইউরো) ও লিভারপুলের রবের্তো ফিরমিনো (৮ কোটি ইউরো)।
