ছাত্র মৃত্যুর শোকে ম্লান জাবির বৈশাখ উৎসব

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০৬:০৭ পিএম

নববর্ষের আগের রাতে এক ছাত্রের আকস্মিক মৃত্যুতে ম্লান হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখ উৎসব। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বনির্ধারিত মঙ্গল শোভাযাত্রা ও কলা অনুষদের উৎসব বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই অভিযোগ করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

শনিবার রাত ১০টার দিকে ইংরেজি বিভাগের ৪৫তম আবর্তনের ছাত্র নুরুজ্জামান নিভৃত হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকরা জানান, বুকে ও পেটে ব্যথা নিয়ে নুরুজ্জামান সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসা কেন্দ্রে যান। কর্তব্যরত চিকিৎসক ড. তরিকুল ইসলাম তাকে গ্যাস্ট্রিকের প্রাথমিক চিকিৎসা দেন। এতে ব্যথা না কমলে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। পরে রাতে সোয়া নয়টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. হরনাথ সরকার বলেন, ‘শ্বাসকষ্ট থেকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নুরুজ্জামানের মৃত্যু হয়।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘নুরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের অনুষ্ঠানে গান-বাজনা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সকালে তার বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় আয়োজনে শোক প্রকাশ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন পাঁচ শিক্ষার্থী। ৪ দফা দাবিতে চিকিৎসা কেন্দ্রে অবস্থান নেন অন্য আরেক দল শিক্ষার্থী। ৪ দফা দাবি হলো নিভৃতের মৃত্যুর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, পূর্ণাঙ্গ মেডিকেল বাস্তবায়ন করতে হবে, রোগীকে বাইরের হাসপাতালে রেফার করলে প্রশাসনকে এর ব্যয়ভার বহন করতে হবে।

চিকিৎসাকেন্দ্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলতে দেখা গেছে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা লিখেছেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ করছে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল, অ্যাম্বুলেন্সযোগে পাঠাতে দেরি না হলে আর অ্যাম্বুলেন্সে লাইফ সেভিং উপকরণ থাকলে অন্যরকম হতে পারত সব! এই আমাদের নববর্ষ! শুভ নববর্ষ!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত