খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: মির্জা ফখরুল

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৮ পিএম

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

খালেদা জিয়া এখন খেতেও পারছেন না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম বেশ অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এখনো তিনি পা বেন্ড (বাঁকানো) করতে পারছেন না। তার বাম হাত আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ বাম হাতে কাজ করতে পারছে না।’

বিকেল ৪টা ৭ মিনিট থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

প্যারোলে মুক্তি ও সংসদে বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব বিষয়ে কোনও আলোচনা করিনি। আমরা তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে এসেছি। স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।’

বিএসএমএমইউতে নিয়ে আসার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি দাবি করে তিনি বলেন, ‘আমরা বারবার যেটা বলেছি, তার বিশেষায়িত ট্রিটমেন্ট দরকার। কিন্তু সেই ট্রিটমেন্ট এখনো শুরু হয়েছে বলে মনে হয়নি।’ এ সময় তিনি খালেদা জিয়ার পছন্দ মতো হাসপাতাল ও চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর দাবি জানান।

খালেদা জিয়া দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসীকে সচেতন হতে ও সে জন্য কাজ করতে বলেছেন।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে খালেদা জিয়াকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬ তলার ৬২১ নম্বর কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসা নিতে আসার পর এটিই নেতাদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত