১৯৯০ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এলআরবি। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল ‘লিটল রিভার ব্যান্ড (এলআরবি)’। ১৯৯৭ সালে নামের পরিবর্তন আসে। রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)’। তারপর আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ব্যান্ডটি পাড়ি দিয়েছে সিকি শতাব্দী। গত বছর জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই ব্যান্ডটির হঠাৎ ছন্দ পতন ঘটে। কারণ সবাই জানেন। কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু। তারপর অনিশ্চিত হয়ে পড়ে এলআরবির ভবিষ্যৎ। প্রশ্ন উঠেছিল দলটি কি থাকবে? নাকি বিলুপ্তি ঘটবে চিরতরে। ব্যান্ডের অন্য সদস্যরা আশ্বাস দিয়েছিলেন আইয়ুব বাচ্চু না থাকলেও এলআরবি থাকবে। তার নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিন দশেক আগে এলআরবির প্রধান ভোকাল হিসেবে কণ্ঠশিল্পী বালামের নাম ঘোষণা করে।
৫ এপ্রিল রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হয় ব্যান্ড এলআরবি। অথচ ১০ দিন না পেরোতেই পরিবর্তন করা হলো এলআরবির নাম। এখন থেকে ব্যান্ডটি ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ নামে তাদের কার্যক্রম চালাবে।
কিন্তু কেন পরিবর্তন করা হলো নাম। ব্যান্ড সদস্যরা জানান, ‘আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। বসের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা নামটি আর ব্যবহার করব না। এখন থেকে আমরা বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নামে গান পরিবেশন করব।’
এদিকে এক লিখিত বিজ্ঞপ্তিতে ব্যান্ডের সদস্যরা জানান, ‘আইয়ুব বাচ্চু একটি কথা বারবার বলতেন, ‘শো মাস্ট গো অন’। তাই তার পরিবারের অনুরোধে এলআরবি নাম ব্যবহার না করে ও আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে নতুনভাবে কাজ চালিয়ে যাবেন ব্যান্ডের সদস্যরা। এখন থেকে এলআরবি ব্যান্ডের সদস্যরা বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নামে মঞ্চ মাতাতে আসবেন।
ব্যান্ডটির বর্তমান লাইনআপ: বেজ গিটার- স্বপন, গিটার- মাসুদ, ভোকাল ও গিটার- বালাম, ড্রামস- রোমেল ও সাউন্ড ইঞ্জিনিয়ার- শামীম আহমেদ।
উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামেও পরিচিত ছিলেন।
