ধীরে ধীরে শরীরকে ভালোবাসতে শিখলেন বিদ্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৪:০৮ পিএম

ক্যারিয়ারের প্রথম দিকে বলিউডের প্রথাগত ফিটনেসে মনোযোগ দিলেও ধীরে ধীরে সেখান থেকে নিজেকে সরিয়ে আনেন। দেখিয়ে দেন ছিপছিপে না হয়েও কীভাবে হয়ে উঠতে পারেন ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা।

বলা হয়ে থাকে, ভারিক্কি হয়েও একইভাবে আকর্ষণীয় হয়ে ওঠা যায় ও অভিনয় দক্ষতা যে শরীরী আবেদনের ঊর্ধ্বে, তা প্রমাণ করেছেন বিদ্যা বালান।

শরীর ও বাড়তি ওজন নিয়ে সব সময়ই স্পষ্ট কথা বলেছেন ‘দ্য ডার্টি পিকচার’ নায়িকা। কিন্তু শুরুতে ব্যাপারটা তত সহজ ছিল না। অন্য যেকোনো কিছুর চেয়ে বড় বাধা ছিল বিদ্যার মনোভাব।

তিনি জানালেন, বাইরের সমালোচনার পাশাপাশি দীর্ঘ সময়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে বিদ্যা বলেন, “জীবনের একটা সময় গেছে যখন প্রতিনিয়ত নিজের শরীর নিয়ে লড়াই চালিয়েছি। খুব রাগ হতো। নিজের শরীরটাকেই ঘৃণা করতাম। চেহারাটা বদলে ফেলতে ইচ্ছা করত।”

সঙ্গে যোগ করেন, “মনে হতো চেহারাটা বদলে গেলে সবাই আমাকে আপন করে নেবে। ভালোবাসা পাবো সবার থেকে। কিন্তু পরে দেখলাম, মেদ ঝরিয়েও অনেকের কাছে সমালোচনার পাত্রীই হয়ে থেকে গেলাম। ঠিক করলাম, অন্যের পছন্দ-অপছন্দের জন্য নিজেকে বদলে ফেলার মানেই হয় না। ধীরে ধীরে নিজের মোটা শরীরটাকেই ভালোবাসতে শিখলাম। দেখলাম অনেক বেশি আনন্দে থাকছি, নিজের চোখেই সুন্দর দেখতে লাগছি।”

বলিউডে বিদ্যাকে সর্বশেষ দেখা গেছে ‘তুমহারি সুলু’ সিনেমায়। এরপর চলতি বছরের প্রথম দুই মাসে মুক্তি পেয়েছে দুই খণ্ডের তেলুগু সিনেমা ‘এনটিআর কাথানায়কুডু’। সামনে আসছে হিন্দি মিশন মঙ্গল ও তামিল নেরকোন্ডা পারভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত