টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড মঙ্গলবার

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৯ পিএম

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণ হবে মঙ্গলবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করবে বিসিবি।

রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে বিসিবি কার্যালয়ে আসনে। মাঠে তখন আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বরের মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ চলছে। তবে সব ছাপিয়ে আলোচনা তৈরি হয় বিশ্বকাপ স্কোয়াড নিয়ে।

পরে নাজমুল হাসান পাপন নিজেই জানান দল ঘোষণা প্রসঙ্গে, ‘‘আমার মনে হয় টিম কালকে বা পরশু দিয়ে দেবে। আমার ইনিশিয়াল একটা ধারণা ছিল যে ১৮ তারিখের মধ্যে টিম ঘোষণা দিতে হবে এবং সেটা সহজে চেঞ্জ করা যাবে না যদি কোনো ইনজুরি না থাকে। আমরা এখন জানতে পেরেছি যে সময় আছে।’’

বিসিবি বস যোগ করে বলেন, ‘‘২২ মে পর্যন্ত সময় আছে, উই ক্যান চেঞ্জ কাউকে না বলেই। আমাদের ট্রাই নেশনটা আছে, ওটা ১৮ তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো একটা সময় আছেই।’’

সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান সহ বেশ ক’জনের ফর্মহীনতা নিয়ে চলছে আলোচনা চলছে। আছে ইনজুরির সমস্যাও। এ জন্যই যে স্কোয়াড ঘোষণা হতে দেরি সেটিও বলে দিলেন পাপন, ‘‘আমাদের যাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিস গুলো কন্সিডারেশনে নেয়ার জন্যই একটু সমস্যা হচ্ছিল। যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে তোমরা স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের।’’

তবে এখনই স্কোয়াড ঘোষণা হলেও কেউ দুর্দান্ত পারফর্ম করলে সে দলে ঢুকতে পারে বলেও জানালেন পাপন, ‘‘মে’র ১২ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে, সে যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত