এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুজনকে নিয়েই অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে গতকাল বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দুই ব্যাটসম্যান দলে ফেরায় কপাল পুড়েছে পিটার হ্যান্ডসকম্ব ও অ্যাস্টন টার্নারের। সুযোগ হয়নি ইনজুরির কারণে দলের বাইরে থাকা জশ হ্যাজেলউডের।
বিশ্বকাপ দলে সুযোগের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০১৯-২০ সালের চুক্তিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্মিথ ও ওয়ার্নারকে। হ্যান্ডসকম্বের কপাল খারাপই বলতে হবে। কারণ অস্ট্রেলিয়ার হয়ে শেষ ১৩ ম্যাচে ৪৩.৫৪ গড় এবং ৯৮.১৫ স্ট্রাইকরেটে একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিসহ দুর্দান্ত খেলেও বাদ পড়তে হলো তাকে। মোহালিতে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৫৯ রান তাড়া করে জেতার ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন টার্নার কিন্তু তারও জায়গা হয়নি বিশ্বকাপ দলে। স্মিথ ও ওয়ার্নারকে নিয়ে প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘স্মিথ ও ওয়ার্নার দলে ফিরেছেন। তারা দুজনই বিশ্বমানের খেলোয়াড় এবং তাদের আইপিএলে ভালো খেলতে দেখাটা স্বস্তিদায়ক।’
তবে দলে জায়গা ধরে রেখেছেন উসমান খাজা। অস্ট্রেলিয়া দলে আছেন পাঁচ পেসার। তারা হলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝেই রিচার্ডসন, নাথান কাল্টার-নাইল ও জেসন বেহরেনডর্ফ। স্টার্ক ও রিচার্ডসন বর্তমানে ইনজুরিতে থাকলেও আশা করা হচ্ছে আগামী ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। আইসিসির অনুমতি ছাড়া ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝেই রিচার্ডসন, নাথান কাল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা, নাথান লায়ন।
