টোকাই থেকে কোটিপতি মুকসুদ এখন ‘ভূমিখেকো’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৪:০১ এএম

সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকসুদ আলম একসময় ছিলেন ‘টোকাই’। পরে খোলাবাজারে আলু বিক্রি করতেন। ২০১৭ সালে সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে একের পর এক জায়গা দখল করেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। এলাকায় ‘ভূমিখেকো’ হিসেবে তার ব্যাপক পরিচিতি আছে। এক্ষেত্রে তার ভাই হেলাল ও সবুজ তার নিত্যসঙ্গী। এতদিন তিন ভাইয়ের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায়নি। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি ও মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য মুকসুদকে কয়েকদিন আগে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি এখন পুলিশ রিমান্ডে আছেন। কিছু দিন আগে তার ভাই হেলালকে আইনশৃঙ্খলা বাহিনী ইয়াবাসহ গ্রেপ্তার করলেও উপজেলা আওয়ামী লীগের নেতারা তাকে ছাড়িয়ে নেন।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সোনাগাজী সদরের মেইন রোডের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জায়গাটি ইজারা নেন স্থানীয় নুরুল করিম শিল্পী। তিনি ১৫ বছর ধরে শিল্পী স্টিল করপোরেশনের নামে নির্মাণসামগ্রীর ব্যবসা করে আসছেন। তার অর্ধকোটি টাকা মূল্যের আড়াই শতক জায়গাটি ২০১৭ সালে ২৫ সেপ্টেম্বর দখল করে ও ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় জায়গার মালিক নুরুল করিম শিল্পী মামলাও দায়ের করেন। এরপর মুকসুদের অব্যাহত হুমকি-ধমকিতে সোনাগাজী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তিনি। ওই মামলাটি দীর্ঘ তদন্ত শেষে মুকসুদ ও তার সহযোগী আবুল কালাম ভোলাকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।

ওই মাদ্রাসার পাশে টিটি আবদুর রবের কোটি টাকা মূল্যের চার শতক জায়গা দখল, চরগণেশ মাণ্ডব বাড়িতে জায়গা দখল করে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি সোনাগাজী বাসস্ট্যান্ডসংলগ্ন প্রবাসী আবু সুফিয়ানের স্ত্রী শাহানা আক্তারের ৬ শতক জায়গা দখল করেন। প্রতিবাদ করায় প্রবাসী আবু সুফিয়ানকে থানার সামনে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তিনি চুপসে যান। এ ছাড়া প্রবাসী আবু তাহেরসহ অনেক ব্যক্তির বহু সম্পত্তি দলীয় প্রভাব খাটিয়ে দখল করেছেন বলে অভিযোগ রয়েছে এ কাউন্সিলরের বিরুদ্ধে। সবশেষ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার থেকে মোটা অঙ্কের টাকা ও মাদ্রাসার ঠিকাদারি কাজ পাওয়ার আশায় অধ্যক্ষের সঙ্গে অপকর্মে জড়িয়ে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত