কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৪:২৫ এএম

চট্টগ্রামের কর্ণফুলীর নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম স্থগিত চেয়ে কর্ণফুলী শিপ বিল্ডার্সের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালত।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এ আদেশের ফলে ওই নদীর তীরে থাকা সব অবৈধ স্থাপনা ও কর্ণফুলী শিপ বিল্ডার্সের যে অংশে অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদে কোনো বাধা রইল না।

আদালতে কর্ণফুলী শিপ বিল্ডার্সের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও এ এম আমিন উদ্দিন। অন্যদিকে শুনানি করেন ওই নদীর অবৈধ দখল উচ্ছেদ নিয়ে করা রিট আবেদনের আইনজীবী মনজিল মোরসেদ। পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পক্ষে ২০১৬ সালে রায় দিয়েছিল হাইকোর্ট। ওই রায়ের আলোকে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ চেয়ে ৬ ফেব্রুয়ারি চেম্বার আদালতে আবেদন করে কর্ণফুলী শিপ বিল্ডার্স। আজ (গতকাল) তাদের আবেদনটি আপিল বিভাগে শুনানি শেষে খারিজ হয়ে যায়। এর ফলে কর্ণফুলী নদীর তীরে শিপ বিল্ডার্সেরসহ সব অবৈধ স্থাপনা ভাঙতে আর কোনো বাধা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত