যৌন হেনস্তার কথা আগে কেন বলেননি প্রিয়াঙ্কা?

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:১৬ পিএম

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা জয় করে বলিউডে আসা প্রিয়াঙ্কা চোপড়াও বাদ পড়েননি যৌন হেনস্তার হাত থেকে। বিশ্বজুড়ে চলা মিটু আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা সম্প্রতি শেয়ার করেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে এত দিন পর কেন মুখ খুললেন?

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নানা ধরনের প্রশ্নের উত্তর দেন। নতুন সংসার থেকে বলিউড-হলিউডের মধ্যে পার্থক্য, সব বিষয়েই খোলামেলা কথা বলেন। তারপর নারী স্বাধীনতার প্রসঙ্গ থেকে আসে মিটু আন্দোলন। তখনই নিজের অভিজ্ঞতা খোলাসা করেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, এখন নারীরা অনেক সাহসী। সেই কারণে নিজেদের ওপর চলা অত্যাচারের কথা সরাসরি বলতে পারছেন। তবে সেই সঙ্গে বলেন, সময় পাল্টেছে। এখন নারীদের কথাও শুনতে প্রস্তুত সমাজ। এই কারণে অনেকেই মুখ খুলছেন।

প্রিয়াঙ্কা স্বীকার করেন, তিনিও তেমন দুঃসময়ের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু তখন কিছু বলতে পারেননি। কারণ তিনি বললেও কেউ শোনার মতো ছিলই না। 

বলিউড থেকে হলিউডে পা রেখে সফল প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান পপ গায়ক নিক জোনাসের সঙ্গে তার বিয়ের খবরে তোলপাড় হয়েছিল সারা বিশ্ব। সর্বশেষ বলিউডের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। হাতে আছে কয়েকটি হলিউড সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত