ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকেই (বিজেপি) সমর্থন দিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এবারের বিশ্বকাপ দলে ভারতের জাতীয় দলে আছেন এ অলরাউন্ডার।
জাদেজা এক টুইটার বার্তায় বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল পোস্ট করেন। এতে ক্যাপশন দেন, “আই সাপোর্ট বিজেপি, জয় হিন্দ।”
পোস্টে তিনি ট্যাগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এতে মোদিও এক রিটুইটে তাকে ধন্যবাদ দেন। সেই সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ায় জাদেজাকে শুভেচ্ছা জানান।
এদিকে জাদেজার এমন পোস্টে সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপির প্রতি সমর্থনে অনেকে তাকে বাহবা দিয়েছেন। তবে একজন ক্রিকেটার হয়ে সরাসরি এভাবে একটি দলের পক্ষে সমর্থন জানানোর বিষয়টি ভালো চোখে দেখেননি অনেকে।
এর আগে জাদেজার পরিবার বিজেপি এবং কংগ্রেসে বিভক্ত হয়ে পড়ায় আলোচনায় উঠেছিলেন তিনি। গত মাসের শুরুতে স্ত্রী রিভাবা জাদেজা যোগ দেন বিজেপিতে। রোববার কংগ্রেসে যোগ দেন জাদেজার বাবা অনিরুদ্ধ সিং এবং বোন নয়নাবা।
গত ১১ এপ্রিল লোকসভার প্রথম দফা অনুষ্ঠিত হয়েছে। এ দফায় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তর-পশ্চিম, মহারাষ্ট্র, বিহারসহ অন্যান্য রাজ্যগুলোর একাধিক অংশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাত দফার এ নির্বাচনের পরবর্তী দফা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল। তামিলনাড়ু, কর্নাটকসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর বিভিন্ন অংশে ভোট গ্রহণ চলবে।
