জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। তার মূল ব্যস্ততা বিজ্ঞাপন ঘিরে। গতকাল থেকে শ্যুটিং শুরু করেছেন লাক্সের বিজ্ঞাপনচিত্রে। চলচ্চিত্র নির্মাণের কথাও ভাবছেন, তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
শুনলাম, লাক্সের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন?
আজকে (গতকাল) ইউনিলিভারের একটি জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছি। এতে মডেল হয়েছেন লাক্স সুপারস্টার ও লাক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিদ্যা সিনহা মিম। কিন্তু কোন পণ্যের বিজ্ঞাপন সেটি চুক্তির কারণে বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি- এটি গ্ল্যামারাস একটি বিজ্ঞাপন হতে যাচ্ছে।
শাকিব খানকে নিয়ে আবার করেছেন। অভিজ্ঞতা কেমন?
এর আগে শাকিব খানকে নিয়ে বাংলালিংকের একটি বিজ্ঞাপন করে খুব ভালো সাড়া পেয়েছি। আর অন্য সব শিল্পীর মতো শাকিব খানও চান ভালো ও ভিন্নধর্মী কিছু কাজ করতে। তাই তাকে নিয়ে সম্প্রতি আরেকটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। অচিরেই এটি প্রচার শুরু কবে। আশা করছি দর্শক নতুন এক শাকিব খানকে দেখতে পাবেন।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আমি মনে করি, তাকে খুব বেশি আবিষ্কার করার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু তিনি খুব বেশি চান নিজেকে আবিষ্কার করতে। তাই আমি যখন তার সঙ্গে আমার ভাবনা শেয়ার করি, তিনি সানন্দে কাজ করতে রাজি হন।
মুম্বাই থেকে বিজ্ঞাপন নির্মাণের জন্য ডাক পেয়েছেন। এ বিষয়ে কিছু জানতে চাই...
সম্প্রতি ভারতের মুম্বাই থেকে কাজের জন্য ডাক পাই। সেখানে তাদের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। নিয়মিত বিজ্ঞাপন বানানোই আমার কাজ, কিন্তু যখন মুম্বাইয়ের মতো জায়গা থেকে আমার কাজ দেখে কেউ আমাকে ডাকেন, সেটা অবশ্যই অন্যরকম। কারণ সেখানে প্রচুর মেধাবী নির্মাতা রয়েছেন, তাদের রেখে আমাকে ডাকার মানে হলো তারা আমার কাজ পছন্দ করেছে। এটা আমার জন্য অবশ্যই সম্মানের।
একজন জনপ্রিয় টিভি অভিনেত্রীর সঙ্গে আপনার প্রেম-বিয়ের গুঞ্জন অনেক দিনের...
ইদানীং প্রেম-বিয়ে নিয়ে সব সাংবাদিকই আমাকে প্রশ্ন করেন। যার সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন রয়েছে সে আর আমি দুজনই যেহেতু শো-বিজ অঙ্গনে কাজ করি, তাই হয়তো সবার আগ্রহ বেশি। কিন্তু এখনই সেই আগ্রহকে আমলে নিতে পারছি না। বিয়ে করিনি এটা নিশ্চিত। কারণ আমি মনে করি বিয়ে লুকিয়ে করার কোনো বিষয় নয়। যখন বিয়ে করব, অবশ্যই যাদের জানানো প্রয়োজন জানিয়েই করব। আর প্রেমের বিষয়ে এখনই কিছু বলতে চাই না।
