বিমানের দিল্লি ফ্লাইট চালু হচ্ছে ১৬ মে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:০৩ এএম

প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট। আগামী ১৬ মে থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। গতকাল মঙ্গলবার দুপুরে বিমান কার্যালয়ে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ দেশ রূপান্তরকে বলেন, ‘যাত্রীদের চাহিদা বিবেচনায় পুনরায় দিল্লি ফ্লাইট চালুর উদ্যোগ  নেওয়া হয়। এই নিয়ে আজকের (গতকাল) বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। দিল্লি ফ্লাইটটি চালু হলে বিমানের আয় অনেকাংশ বেড়ে যাবে। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। দুয়েক দিনের মধ্যে তা চূড়ান্ত করা হবে। সপ্তাহে বৃহস্পতি, শনি ও সোমবার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আগামী জুনে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান। সপ্তাহে তিনটি বোয়িং ৭৩৭ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে আমাদের।’

বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ২০১৪ সালের ২৩ আগস্ট ঢাকা-দিল্লি ফ্লাইট বন্ধ হয়ে যায়। সে সময় ফ্লাইট পরিচালনায় লোকসানের কথা বলা হয়েছিল। এই সিদ্ধান্তের বেশ সমালোচনাও হয়। তিনি আরও বলেন, ‘এক সময় বিমানের রুট ছিল ২৮টি। বর্তমানে চালু আছে ১৫টির মতো। লোকসানের কারণে নিউ ইয়র্ক, ম্যানচেস্টার, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, রোম, প্যারিস, ব্রাসেলস, টরেন্টো, নারিতা, নাগোয়া, ত্রিপোলি, হংকং, দিল্লি, মুম্বাই রুট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এগুলো ফের চালুর চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত