মেরুকরণের অশান্তি!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:০৫ এএম

বাংলা নববর্ষের প্রথম দিনটিতে আসানসোলের তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর মাত্র এক পক্ষকালের মধ্যেই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আর সাতটা কেন্দ্রের সঙ্গে আসানসোলেও ভোট। তবে বৈশাখের প্রখর দহন নয়, নতুন বছরের প্রথম দিনই আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরাকরের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশনের কপালে। প্রথম বৈশাখের সূর্য দিনভর পৃথিবীকে অগ্নিন করিয়ে তখন সবেমাত্র ঢলেছে পশ্চিমে। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিল ঘিরে বরাকর মার্কেট-সংলগ্ন আরাডাঙা গ্রামের রাস্তায় ঘটে গেল ধুন্ধুমার। ঝাড়খ- সীমান্তঘেঁষা কুলটি থানার অন্তর্গত আরাডাঙা গ্রামটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলেই সুবিদিত। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার বিকেলে রামনবমীর শোভাযাত্রায় তারস্বরে মাইক বাজানো নিয়ে আপত্তি তোলেন একাংশ স্থানীয় মানুষ। এ নিয়ে মিছিলের লোকজনের সঙ্গে বচসা বাধে তাদের। দুই সম্প্রদায়ের মধ্যে বচসা থেকে হাতাহাতি। বিশ^ হিন্দু পরিষদের অভিযোগ, মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে  এলে পুলিশের সঙ্গেও উভয় পক্ষের খ-যুদ্ধ বেধে যায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। অগ্নিসংযোগ করা হয় একটি মোটরবাইকেও। পরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।

এই ঘটনার জেরে মঙ্গলবারও বরাকর রোড ও সংলগ্ন অঞ্চল ছিল থমথমে। কোনো রকম গুজব যাতে ছড়াতে না পারে তার জন্য আসানসোলে ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। ফলে পরিষেবা বন্ধের দরুন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখনো গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলেই স্থানীয় সূত্রের খবর। আপাতত রামনবমীর আর কোনো শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না বলে জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে।

এই ঘটনার নেপথ্যে কার বা কাদের উসকানি রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের আগে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সতর্ক জেলা প্রশাসন। আগামী ২৯ এপ্রিল আসানসোল কেন্দ্রের নির্বাচন। এখানে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের ‘তারকা’ প্রার্থী মুনমুন সেন।

তবে ২৯শের ভোটের লড়াই যা-ই হোক না কেন, স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বরাকরে রামনবমীর মিছিল ঘিরে যে ঘটনা ঘটে গেল, যে মেরুকরণের বিভেদরেখাটা স্পষ্ট হয়ে উঠল তাতে ভোটের বাক্সে লাভ ওঠাবেন বাবুল সুপ্রিয়ই। রামনবমী ঘিরে গেরুয়া শিবিরের উন্মাদনা এই কারণেই তটস্থ করে তুলেছে রাজ্যের শাসক দলকে। এদিন ইটাহার ও বুনিয়াদপুরে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘তলোয়ার-গদা নিয়ে’ মিছিল করার কড়া সমালোচনা করেন। বলেন, এই পরধর্ম অসহিষ্ণুতা হিন্দুত্ব নয়। আগামী শুক্রবার হনুমানজয়ন্তী। ওই পরব ঘিরেও উদ্বেগ বাড়ছে তার দলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত