ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও আলোচিত এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে অনলাইন প্রেস ইউনিটি ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার ফাঁসি চেয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘নুসরাতের ভাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরি দিয়েছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানেই যাতে শেষ না হয়, নুসরাতের হত্যাকারীদের ফাঁসি রাষ্ট্রপ্রধানকে নিশ্চিত করতে হবে। যদি অপরাধীদের শাস্তি নিশ্চিত হয়, তাহলে খুন, ধর্ষণের জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে না।’ মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে অনলাইন প্রেস ইউনিটির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিন মেহেদী, যুগ্ম মহাসচিব হাসিবুল হক পুনম, সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান আকাশ আহমদ ও সোনিয়া দেওয়ান প্রীতি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটির সভাপতি জালাল আহমদ জনি, সাধারণ সম্পাদক গাজী সাবের আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
জবিতে শিক্ষক সমিতির মানববন্ধন : বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, দেশের অন্য যেকোনো শাস্তির থেকে এ ঘটনায় জড়িতদের শাস্তি দ্বিগুণ হওয়া দরকার। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক ড. দিপীকা রানী সরকার। এ সময় অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. শাহজাহান, অধ্যাপক ড. শামীমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জয়পুরহাট : জাতীয় কৃষক সমিতি ও নারী মুক্ত সংসদ জয়পুরহাট শাখা মানববন্ধন করে সকাল সাড়ে ১০টার দিকে শহরের মসজিদ মার্কেটের সামনে। এ সময় জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আনোয়ারুল হক বাবলু, নারী মুক্ত সংসদের সভানেত্রী সেলিমা আফরুজ হাসি প্রমুখ উপস্থিত ছিলেন।
মাগুরা : নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। এ সময় তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
নাটোর : হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে শহরের প্রাণকেন্দ্র কানাইখালির রাস্তায় জেলা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন করেছে। মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রতœা আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিউটি খাতুন, পৌর মহিলা লীগের সভাপতি ফিরোজা খাতুন ও সাধারণ সম্পাদক তনু দাস প্রমুখ।
