ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচন

বিনা ভোটে মেয়র হচ্ছেন আ.লীগের টিটু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১২ এএম

ময়মনসিংহ সিটি নির্বাচনে প্রথম ভোট হবে ৫ মে। কিন্তু তার আগেই শেষ ভোটের উত্তাপ। ভোটারের স্বাক্ষর জালিয়াতির কারণে প্রার্থিতা খোয়ানো তিন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেও তা ফিরে পাননি। বৈধ দুই প্রার্থী ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু ও মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি জাহাঙ্গীর আহমেদ। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের আগের দিন গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী টিটুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাহাঙ্গীর। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিটুর

মেয়র নির্বাচিত হওয়া এখন কেবল আনুষ্ঠানিকতা।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ এমপি ময়মনসিংহের উন্নয়ন প্রশ্নে মহাজোটের সকল শরিকদের ঐক্যবদ্ধ উন্নয়ন প্রচেষ্টা প্রয়োজন উপলব্ধি করেছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা স্বরূপ নৌকার মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানানোর ইচ্ছা ব্যক্ত করেছেন। এসব কারণে ইকরামুল হক টিটুকে সমর্থন নিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলাম।’

এ সময় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আব্বাস উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে আগামী ৫ মে ময়মনসিংহ সিটির প্রথম ভোটে কাউন্সিলর পদে নির্বাচন হবে। ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটযুদ্ধে অংশ নেবেন। ১২৭টি কেন্দ্রের প্রত্যেকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে নগরজুড়ে চলছে জল্পনা-কল্পনা। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহ-৪ (সদর) আসনে দশম ও একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। দুবারই নির্বাচিত হন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখেই জাপার প্রার্থী আসন্ন সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জাহাঙ্গীরের সংবাদ সম্মেলনে টিটু ও আওয়ামী লীগ নেতারা : জাহাঙ্গীর আহমেদ সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন আওয়ামী লীগের প্রার্থী টিটু। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমসহ দলটির শীর্ষ নেতারা।

সেখানে টিটু বলেন, ‘বিগত দুটি নির্বাচনে রওশন এরশাদকে আমরা আওয়ামী লীগ পরিবার ও জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী করেছি। বিরোধী দলের উপনেতার ইচ্ছা অনুযায়ী ময়মনসিংহকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। রওশন এরশাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমার সমর্থনে জাহাঙ্গীর আহম্মেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত