ইন্টারভিউ দিতে এসে বাবার লাশ ছেলের কাঁধে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১২ এএম

সেনাবাহিনীর সৈনিক পদের প্রাথমিক ইন্টারভিউ দিতে বাবা দেবরাজ চন্দ্র দাসকে (৪৫) নিয়ে গত সোমবার ঢাকায় আসেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ইমন চন্দ্র দাস। গতকাল মঙ্গলবার সকালে বাড্ডা নতুনবাজার এলাকার এক আত্মীয়ের বাসা থেকে নতুন আর্মি স্টেডিয়ামে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন দেবরাজ চন্দ্র দাস। বাবার মৃত্যুতে ইন্টারভিউ না দিয়েই লাশ নিয়ে বাড়ি ফিরতে হলো ছেলে ইমনকে। এদিন গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়। বাড্ডার ঘটনায় ছেলে ইমন বলেন, সেনাবাহিনীর মাঠ পর্যায়ের (সৈনিক পদে) ইন্টারভিউ দিতে সোমবার

আমি এবং বাবা ঢাকায় আসি। বাড্ডা নতুনবাজার এলাকায় আমার কাকা পিন্টু দাসের বাসায় উঠি। সকালে আর্মি স্টেডিয়াম যাওয়ার জন্য বের হই। পূবালী ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিলছাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সামসুন্নাহার বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। এ দুর্ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে। তিনি ফরিদপুরের শালতা এলাকার আকরাম আলী শেখের স্ত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত