দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

গাজীপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১৪ এএম

‘ঘুষের হাট গাজীপুর শিক্ষা অফিস’ শিরোনামে দেশ রূপান্তরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয় থেকে যাওয়া একটি দল গতকাল মঙ্গলবার গাজীপুরের মাধ্যমিক শিক্ষা অফিসে এ অভিযান চালায়। তারা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানাসহ কার্যালয়টির কয়েক কর্মকর্তা ও কর্মচারীর ঘুষ কারবারে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখে। দুদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের এমপিওভুক্তি, টাইম স্কেল ও নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগে গাজীপুরের মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযান চালানো হয়। দুদকের দল জানতে পারে, শিক্ষকদের নানা কার্যক্রমে গাজীপুরের বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। বিষয়টি দুদকের দল জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে তিনি সব উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেন এবং যেকোনো কার্যক্রম ঘুষ-লেনদেন ব্যতিরেকে হবে এরূপ একটি অফিস আদেশ জারির উদ্যোগ নেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষা অফিসটির কয়েকজনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল। সে জন্যই এই অভিযানে যায় দুদক। ঘুষ লেনদেন ব্যতিরেকে শিক্ষকদের সব কার্যক্রম সম্পন্ন করার জন্য দুদক অফিসটির প্রধানকে নির্দেশ দিয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার গাজীপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানাসহ কার্যালয়টির কয়েক কর্মকর্তা ও কর্মচারীর ঘুষ কারাবারে জড়িত থাকার অভিযোগ নিয়ে দেশ রূপান্তরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত