নাফ নদী থেকে ৪ জেলে অপহরণ মুক্তিপণ দাবি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১৭ এএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গিয়ে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নদী থেকে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের ধরে নিয়ে যায় বলে স্বজনদের দাবি। অপহৃতরা হলেনÑ টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উল্লাহ  মাঝি, আবুল কালাম ও মোহাম্মদ হাসান।

টেকনাফ শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফজলুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয় আমান উল্লাহর মালিকাধীন একটি ট্রলারে করে ওই চার জন নাফ নদীতে মাছ ধরতে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।’

নৌকার মালিক আমান উল্লাহ বলেন, ‘কয়েকদিন ধরে জেলেদের জালে কিছু কিছু ইলিশ ধরা পড়ছিল। তাই ভোরে আমার চাচাতো ভাই আজিম উল্লাহ অন্যদের নিয়ে নাফ নদীতে যায়। তাদের মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যরা সকালে ধরে নিয়ে যায়। এরপর কয়েক দফা মিয়ানমার থেকে ফোনে তাদের জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। জেলেদের মারধর করে তা মোবাইল ফোনে শুনানো হচ্ছে। কিন্তু ৩ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার সাধ্য আমার কাছে নেই। আমি বিজিবিকে বিষয়টি অবহিত করেছি।’

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘বিষয়টি শোনার পর আমি টেকনাফ ২ নম্বর বিজিবি অধিনায়ককে জানিয়েছি। এখন অপহৃতদের ফিরিয়ে আনার ব্যাপারে একমাত্র বিজিবি ভরসা।’ টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান দেশ রূপান্তরকে বলেন, ‘মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে বলে জেনেছি। আমরা মিয়ানমার সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’

মিয়ানমার থেকে ইয়াবার চালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে নাফ নদী দিয়ে প্রচুর মাছ ধরার ট্রলার ও নৌকা বঙ্গোপসাগরে মাছ শিকার এবং মাছ কিনতে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত