ঝিনাইদহে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১১:১৪ পিএম

ঝিনাইদহ শহরের বাইপাস এলাকার আলহেরা ইসলামি ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।

ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, শহরের আলহেরা ইসলামি ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। যৌন নিপীড়নের শিকার ছাত্রীরা অভিভাবকদের জানালে বুধবার দুপুরে ছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়টি ঘেরাও করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সত্যতা প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত