বাজারে আসছে এক নতুন স্মার্টফোন। যে ফোনের স্ক্রিন ভাঙলে আর কপালে চিন্তার ভাঁজ পড়বে না। শরীরের উষ্ণতাই এবার জুড়ে দেবে আপনার সাধের ভেঙে যাওয়া মোবাইল স্ক্রিন। হাত থেকে অসাবধানতায় আপনার মোবাইলটি পড়ে গেলে নিশ্চয়ই আঁতকে ওঠেন আপনি? এমন আঁতকে ওঠা থামাতেই আসছে নতুন প্রযুক্তির স্মার্টফোনটি। কারণ ভাঙা স্ক্রিন জোড়া দিতে দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে নিজেই ঠিক করে নিন ভেঙে যাওয়া মোবাইল স্ক্রিন। মোটোরলা নিয়ে আসছে এমনই এক অত্যাশ্চর্য প্রযুক্তিসহ এক মোবাইল স্ক্রিন, যার নাম ‘শেপ মেমোরি পলিমার’।
মোটোরলা মোবাইল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ একটি উপাদানের সাহায্যে এই মোবাইল ফোনগুলো তৈরি করা হয়েছে। থার্মাল রিসাইক্লিং পদ্ধতির মাধ্যমে ভাঙা স্ক্রিন জোড়া লাগবে এই পদ্ধতিতে। তবে, এটি কোনো ম্যাজিক নয়। এই পদ্ধতির মাধ্যমে মোবাইল ফোনগুলো এমন এক মেটেরিয়েল দিয়ে তৈরি করা হয় যাতে ক্রমাগত তাপ দিতে থাকলে ভাঙা স্ক্রিন জোড়া লাগবে কিছুক্ষণের মধ্যেই। এলসিডি কিংবা এলইডি স্ক্রিনের ওপর থাকবে এই বিশেষ একটি স্তর। যা এমন এক ধাতু দিয়ে তৈরি যাতে ক্রমাগত তাপ দিলেই সেই স্ক্রিনটি জুড়ে যাবে।
গরিলা গ্লাসের মতো দেখতে হলেও এটি আসলে পলিমারের তৈরি। গরিলা গ্লাসের থেকে এটি দামেও অনেকটা সস্তা। শিশুদের জন্য ক্ষতিকরও নয় এটি। তবে, এই স্ক্রিনটি জোড়া দেওয়ার জন্য আলাদা তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। শরীরের উষ্ণতাই জুড়ে দেবে মোবাইলের ভাঙা স্ক্রিনটি।
