ওআইসির দেশগুলোকে বিনিয়োগের আহ্বান

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:০৬ এএম

ইসলামিক কো-অপারেশন সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক এক সভায় বাংলাদেশে নিযুক্ত ওআইসির সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের এ আহ্বান জানান তারা। এ সময় মূল বিষয়বস্তু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন সালমান এফ রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

সালমান এফ রহমান বলেন, সরকারের ভিশন হচ্ছে বিনিয়োগ-বাণিজ্যে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের একটি হচ্ছে ‘বিনিয়োগ বিকাশ’। তাই সরকার অভ্যন্তরীণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

কাজী মো. আমিনুল ইসলাম বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। সরকারও অত্যন্ত বিনিয়োগবান্ধব। নিরাপদ বিনিয়োগের বিভিন্ন নিয়ামক- জনশক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতের ব্যাপক উন্নয়নের ফলে ‘করপোরেট প্রফিট্যাবিলিটি’র দিক থেকে বাংলাদেশ বর্তমান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, বিডা, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত