বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট তারকার মধ্যে পড়েছে বিয়ের ধুম। একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। এই তালিকায় এবার হঠাৎই নাম এল লিটন দাসের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের আশীর্বাদ হয়েছে বুধবার। তবে বিয়ে হবে বিশ্বকাপের পর।
লিটন জুটি বাঁধতে যাচ্ছেন দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে। কনের বাড়ি ঢাকাতেই। বর্তমানে এমবিএ করছেন তিনি।
বুধবার কনে পক্ষের পক্ষ থেকে লিটন দাসকে আংটি পরানো হয়েছে। আশীর্বাদের আরেকটা অংশ বাকি। বিশ্বকাপের পর ২৮ জুলাই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আশীর্বাদের জন্য বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না মোহামেডানের ওপেনার লিটন। আগের দিনই ঘোষিত হয়েছে বিশ্বকাপ স্কোয়াড। এদিন নিজ নিজ দলের হয়ে ঢাকা লিগে মাঠে ছিলেন বেশির ভাগ তারকাই। লিটনের অনুপস্থিতি সবার মাঝে কৌতূহলের জন্ম দেয়। পরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এদিকে বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জাতীয় দলের টেস্ট ক্রিকেটার মুমিনুল হক। সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ ক’দিন আগে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। তবে অনুষ্ঠান করবেন বিশ্বকাপের পর।
