ভোটারদের কংগ্রেসের মন্ত্রী

ওখানে চাপ দিবি না, দিলে শক খাবি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৬ এএম

ছত্তিশগড়ের কংগ্রেসের মন্ত্রী কাওয়াসি লাখমা কানকার জেলার ভোটারদের ইভিএমে বিরোধী পার্টিকে ভোট না দিতে হুমকি দিয়েছেন। গত মঙ্গলবার ওই জেলায় নির্বাচনী র‌্যালিতে তিনি বলেন, ‘বীরেশ ঠাকুরের পক্ষে ইভিএমের প্রথম বোতামে চাপ দিতে হবে আপনাদের। দ্বিতীয় এবং

তৃতীয় বোতামে চাপ দিলে বিদ্যুতের শক দেওয়া হবে।’ র‌্যালি চলাকালে তিনি কয়েকবার ভোটারদের শক দেওয়ার হুমকি দেন বলে জানিয়েছে এনডিটিভি।

কাওয়াসি গত পাঁচ দফায় ছত্তিশগড়ের মন্ত্রী হিসেবে আছেন। গত মঙ্গলবার তার বক্তব্য আমলে নিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির রাজ্য ইউনিটের নেতারা বিষয়টি নির্বাচন কমিশনকে জানায়। নির্বাচন কমিশন কাওয়াসিকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে তিন দিন সময় দিয়েছে।

আজ ছত্তিশগড়ে দ্বিতীয় ধাপের ভোট চলছে। সেখানে তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল।

নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার বিষয়টি ভারতে নতুন কিছু নয়। কয়দিন আগেই ফতেহপুরে বিজেপির প্রার্থী রমেশ কাটারা বলেন, ‘মোদি সব জায়গায় ক্যামেরা বসিয়েছেন। কেউ ক্ষমতাসীন পার্টিকে ভোট না দিলে মোদি তাকে পরবর্তী সময়ে কোনো কাজ দেবেন না।’ কাটারার এমন বক্তব্যে ভারতের রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে।

এছাড়া বিজেপির প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীও মুসলিম ভোটারদের উদ্দেশ্য করে হুমকি দেন। হুমকিতে তিনি বলেন, মুসলিমদের ভোট ছাড়াই তিনি জয় পাবেন। তারপরেও মুসলিমরা তাকে ভোট না দিলে তিনি দেখে নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত