পিএসজির শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়লো

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০১:০৬ পিএম

লিগ ওয়ানের শিরোপা জিততে দরকার আর এক পয়েন্ট। কিন্তু তা নিশ্চিত করতে রীতিমত হিমশিম খাচ্ছে পিএসজি। এবার পয়েন্ট টেবিলের নিচের সারির দল নঁতের কাছে হেরেছে তারা।

বুধবার রাতে প্রতিপক্ষটির মাঠে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের হারে পিএসজি। মৌসুমের মাঝপথে নেইমার ও কাভানির মতো তারকা খেলোয়াড়দের ছাড়াও জয়ের ধারা অব্যাহত রেখেছিল পিএসজি। কিন্তু শেষ সময়ে একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে চলছে তারা।

মাসের শুরুতে স্ত্রাসবুরের বিপক্ষে জয় পেলেই শিরোপা ঘরে তুলতে পারতো পিএসজি। সে ম্যাচে ২-২ গোলে ড্র করে বসে তারা। এরপর লিলের মাঠে ৫-১ গোলে হারে টমাস টুখেলের দল।

নেইমার ও কাভানি ইনজুরির সঙ্গে দলের আরেক সেরা তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকেও বিশ্রামে রেখে খেলতে নামে পিএসজি। এরপরও এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি পিএসজির। ১৯তম মিনিটে দানি আলভেজের গোলে এগিয়ে যায় তারা। ২২ মিনিটে অবশ্য দিয়েগো কার্লোসের গোলে সমতা পায় নঁত।

মাঝে ৪৪ মিনিটে ওয়ারিস স্বাগতিকদের এগিয়ে নেন। আর বিরতির ঠিক পরেই কার্লোস নিজের জোড়া গোল পূর্ণ করে লিড আরও বাড়ান। তবে শেষ দিকে মেতেহান গুকলু একটি গোল করলেও দলের হার এড়াতে পারেনি পিএসজি।

লিগে ৩২ ম্যাচে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮১। সমান ম্যাচে তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত