মাধুরীর পাশ থেকে সরে দাঁড়ালেন সঞ্জয়

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০১:৫৬ পিএম

ছবিতে মাত্র একটি দৃশ্যে দেখা গেছে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। তবে ‘কলঙ্ক’-এর বেশ কয়েকটি প্রচার অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়িয়ে অভিজ্ঞতা শেয়ার করেন তারা। সেখান থেকে বাদ পড়লেন সঞ্জয়। শোনা যাচ্ছে, সামনে এ সিনেমার প্রচারে দেখা যাবে না তাকে।

এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবটাই হিসেবনিকেশের খেলা। পান থেকে চুন খসলেই তাকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। যেমনটা হয়েছে সঞ্জয় দত্তের সঙ্গে।

‘কলঙ্ক’-এর টিজার প্রকাশনায় উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু ছবি মুক্তির দিন যত এগিয়েছে, টিমের সঙ্গে আর তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি।

বুধবার মুক্তি পায় ‘কলঙ্ক’। প্রথমদিন ভালো ব্যবসাও করেছে। তবে প্রচারে সঞ্জয়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।

এর পেছনে নাকি আছে মিটু আন্দোলনের কাহিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বন্ধু রাজকুমার হিরানিকে সমর্থন করে কথা বলেন সঞ্জয়। পরিচালক হিরানির বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তার ইউনিটের এক সহকারী।

শোনা যাচ্ছে, মিটু আন্দোলনের তোড়জোরের মাঝে বন্ধুর পাশে দাঁড়ানোয় সঞ্জয়ের বিরুদ্ধে চটেছে ‘কলঙ্ক’-এর মার্কেটিং ও পিআর টিম। এছাড়া নায়কের অনুপস্থিতি মাধুরীকেও বিব্রত করছে বলে শোনা যাচ্ছে।

সব মিলিয়ে সরে দাঁড়াতে হলো বলিউডের জনপ্রিয় এ নায়ককে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত