মায়ের পর মেয়ের জন্যও ধর্ষণের ফাঁদ যুবলীগ নেতার: মামলা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৬:৩২ পিএম

মানিকগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ, অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

চার বছর ধরে ধর্ষণের অভিযোগে আলী হোসেন উজ্জল নামে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন প্রবাসীর স্ত্রী। ওই নারীকে অন্য ছেলেরাও ধর্ষণ করত বলে অভিযোগে জানানো হয়। ওই নারীর স্কুলপড়ুয়া মেয়েকেও ধর্ষণের ফাঁদ পাতলে ক্ষিপ্ত হয়ে তিনি মামলা করেন বলে জানান।

মঙ্গলবার ওই নারী মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মঙ্গলবার রাতেই ঘা ঢাকা দেয় অভিযুক্ত আলী হোসেন। আলী ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ওই নারী অভিযোগে জানান, তার স্বামী পাঁচ বছর আগে মালয়েশিয়া গেছেন। এই সুযোগে প্রতিবেশী আলী হোসেন প্রথমে তাকে উত্ত্যক্ত করত। একদিন সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রীকে ডেকে আলী হোসেন ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রাখে। এরপর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দিয়ে চার বছর ধরে তাকে ধর্ষণ করে আসছে আলী হোসেন। আলী হোসেনের দুই দোকান কর্মচারীসহ অন্য ছেলেরাও তাকে ধর্ষণ করে।

ওই নারী আরও বলেন, আলী হোসেন বিভিন্ন সময় তার কাছ থেকে আট লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা চাইলেই সে ওই ভিডিওর ভয় দেখায়। একপর্যায়ে আলী হোসেন তার স্কুলপড়ুয়া মেয়ের দিকে নজর দেয়। শর্ত দেয় মেয়েকে কাছে পেলেই কেবল ঋণের টাকা পরিশোধ করবে। বাধ্য হয়ে সোমবার দুপুরে আলী হোসেনের কথামতো মেয়েকে সঙ্গে নিয়ে তিনি মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় মনিকা বেগমের বাসায় যান।

তিনি জানান, তিনতলা ভবনের চিলেকোঠার একটি রুমে আলী হোসেন ওই নারীর মেয়েকে ডেকে নিলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঘটনা জানাজানি হয়। এ সময় আলী হোসেন নিজের স্মার্টফোন ফেলে দ্রুত পালিয়ে যান।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. হানিফ সরকার বলেন, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আলী হোসেন ও বাড়ির মালিক মনিকা বেগমের নামে মামলা করেছেন। মামলার দিন মঙ্গলবারই জেলা সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। আসামিরা পলাতক আছে। তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত