আমিরকে ঝুলিয়ে রাখল পাকিস্তান

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৭:২০ পিএম

শেষ পর্যন্ত মোহাম্মদ আমিরকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান। বৃহস্পতিবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড- পিসিবি। তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে আমিরকে।

অর্থাৎ এক অর্থে আমিরকে ঝুলিয়ে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৩ মে পর্যন্ত চাইলেই বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করে বিশ্বকাপে জায়গা পাওয়ার দরজা খোলা থাকছে আমিরের জন্য।

আমিরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলিকেও। বিশ্বকাপের দলে না থাকলেও ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি।

২০১৭ সালে পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন আমির। ফাইনালে ভারতের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা। তবে এরপর ১৪ ওয়ানডের ৯টিতেই উইকেটশূন্য ছিলেন আমির। আমিরের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার গুঞ্জন তাই চলছিল বেশ আগে থেকেই।

পাকিস্তান ওপেনিং ব্যাটসম্যান পজিশনে ব্যাকআপ হিসেবে রেখেছে আবিদ আলিকে। বাদ পড়েছেন শান মাসুদ। মাত্র দুটি ওয়ানডে খেলা আবিদের অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। অভিষেকেই যিনি সেঞ্চুরির কীর্তি গড়েন।

দুই টিনএজ ফাস্ট বোলার মোহাম্মদ হোসাইন ও শাহিন শাহ আফ্রিদি জায়গা পেয়েছেন দলে। অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞরা।

২৩ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়াদের তালিকায় আরো রয়েছেন মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, উসমান সিনওয়ারি ও ইয়াসির আলি।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:

সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, সাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত