ব্রিটিশ কবি, কথাসাহিত্যিক, রাজনীতিক এবং সাহিত্যে রোমান্টিক আন্দোলনের অন্যতম পুরোধা জর্জ গর্ডন বায়রন ১৮২৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। ১৭৮৮ সালের ২২ জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন বায়রন। ক্যাপ্টেন ‘ম্যাড জ্যাক’ নামে পরিচিত জন বায়রন এবং তার দ্বিতীয় স্ত্রী ক্যাথেরিন গর্ডনের সন্তান তিনি। শৈশবেই মা ক্যাথেরিন ও বায়রনকে ছেড়ে চলে যান তার বাবা। মা ক্যাথেরিনের সঙ্গে স্কটল্যান্ডের অ্যাবারডিনে বসবাস শুরু হয় বায়রনের। দশ বছর বয়সে প্রপিতামহের মৃত্যুতে বায়রনের ভাগ্য খুলে যায়। উত্তরাধিকার সূত্রে বিপুল ধনসম্পত্তি পেয়ে মা ক্যাথেরিন আবার তাকে নিয়ে লন্ডনে ফিরে আসেন। ১৭৯৯ সালে লন্ডনের একটি স্কুলে ভর্তি হন এবং নতুন জীবন শুরু হয় বায়রনের।
অত্যন্ত মেধাবী বায়রন স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই একাধিক ভাষায় পারদর্শী হয়ে ওঠেন এবং কাব্যরচনায় অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। ১৮০৯ সালে ‘হাউস অব লর্ডস’-এর সদস্য হন এবং একই বছরে সদস্যপদ ত্যাগ করেন। বায়রন বেহিসেবি অভিজাত জীবনযাপন করতেন বিধায় ব্যাপক ঋণে জর্জরিত ছিলেন। বহুসংখ্যক প্রণয়ঘটিত সম্পর্ক এবং দুঃসাহসী অভিযাত্রার নেশায় বহু দেশে ভ্রমণের নেশায় কোথাও স্থির থাকতে পারেননি বায়রন। বায়রন ইউরোপজুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করেন, বিশেষত ইতালিতে, যেখানে তিনি ভেনিস, রাভেনা ও পিসা শহরে সাত বছর ছিলেন। ইতালিতে থাকার সময় তিনি ঘনিষ্ঠভাবে তার বন্ধু আরেক বিখ্যাত কবি পার্সি বিশি শেলির সঙ্গে নিবিড় সময় কাটান। এর পরপরই বায়রন গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন, এ জন্য গ্রিকরা তাকে জাতীয় বীর হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকেন। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ‘ডন জুয়ান’ ও ‘চাইল্ড হ্যারল্ড’স পিলগ্রিমেজ’ সবচেয়ে প্রসিদ্ধ। তার অন্যান্য বিখ্যাত সাহিত্যকমের্র মধ্যে রয়েছে গীতি কবিতা ‘শি ওয়াকস ইন বিউটি’ এবং ব্যঙ্গাত্মক রচনা ‘ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স’। গ্রিসে অবস্থানকালে ১৮২৪ সালের ১৯ এপ্রিল মাত্র ৩৬ বছর বয়সে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কবি জর্জ গর্ডন বায়রন।
