অ্যামাজন অ্যালেক্সা হোক বা গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাপলের সিরি, বর্তমানে ব্যস্ত জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে চলেছে তারা। সম্প্রতি ফেইসবুকও প্রয়োজন বোধ করছে অ্যাসিসট্যান্টের। কাজেই, সে পথের পথিক হতে জোর কদমে পরিকল্পনামাফিক কাজ শুরু করেছে সংস্থাটি। নতুন পরিকল্পনা অনুযায়ী, শুধু কথার মাধ্যমেই ফেইসবুকে আপনার প্রয়োজনীয় কাজ করতে সক্ষম হবেন। জানা যাচ্ছে, মূলত ফেইসবুক পোর্টালে ভিডিও চ্যাট পরিষেবার জন্য এটি তাদের ভবিষ্যৎ প্রজেক্ট।
বুধবার সিএনবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, জায়ান্ট সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুক তার অ্যাসিসট্যান্টকে দিয়ে কীভাবে কাজ করাবে তা আপাতত অস্পষ্ট। ফেইসবুকের এআই-সক্ষম পোর্টাল ভিডিও চ্যাট পরিষেবা বর্তমানে আমাজনের আলেক্সা মাধ্যমে ব্যবহার করা যায়।
ফেইসবুকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভয়েস এবং এআই সহকারী প্রযুক্তির বিকাশের জন্য কাজ করছি, যা পোর্টাল, অকলাস এবং ভবিষ্যতের প্রোডাক্টসহ এআর/ভিআরের ক্ষেত্রে কাজ করতে পারে।’ অর্থাৎ মুখের কথায় পুরো ফেইসবুক ব্যবহার করতে পারবেন। গত বছর তার ম্যাসেজিং অ্যাপে ‘এম’ নামে একটি চ্যাট অ্যাসিসট্যান্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক।
ফেইসবুক পোর্টাল ও পোর্টাল+ভিডিও চ্যাট স্পিকার স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট সাউন্ড নয়া প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে। ফেইসবুক প্ল্যাটফরম হ্যান্ডস ফ্রি নিয়ন্ত্রণ নিয়ে আসতে চলেছে। আপনি কেবল ‘হেই পোর্টাল’ বলার মাধ্যমে এবং আপনি কাকে ডাকতে চান তার নাম উচ্চারণ করলে ভিডিও কল থেকে শুরু করে তার সঙ্গে ফেইসবুকের মাধ্যমে যাবতীয় কাজ করতে পারবেন।
