নিজের মাথায় গুলি ছুড়ে নিহত হয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া। তাকে গ্রেপ্তারে পুলিশের প্রস্তুতির মধ্যেই স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজক্যারা বিষয়টি জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোকও প্রকাশ করেছেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে। ১৯৮৫ থেকে ’৯০ এবং ২০০৬ থেকে ’১১ সাল পর্যন্ত দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্ট ছিলেন গার্সিয়া।
অর্থপাচার ও ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান সিএনএন সম্পৃক্ত চ্যানেল টিভি পেরুকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী পুলিশ গার্সিয়ার বাসায় গেলে তিনি অ্যাটর্নি জেনারেলকে কল দেওয়ার কথা বলে নিজের শয়নকক্ষে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ কর্মকর্তারা ঘরে গিয়ে মাথায় আঘাত নিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। তারা ৬৯ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে দ্রুত রাজধানী লিমার একটি হাসপাতালে নেয়। সেখানে তিনবার জ্ঞান ফিরলেও প্রাণে বাঁচেননি তিনি।
গার্সিয়ার মৃত্যুর আগে ক্যাসিমিরো উলুয়া হাসপাতালের বাইরে তার আইনজীবী এরাসমো রেইনা বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট নিজেকে গুলির সিদ্ধান্ত নিয়েছিলেন।’ প্রেসিডেন্ট ভিজক্যারা তার টুইটে লেখেন, ‘সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়ার মৃত্যুতে ভেঙে পড়েছি। তার পরিবার ও প্রিয়জনদের আমার শোক জানাই।’
