তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র উড়োজাহাজের কেবিন ক্রু রোশান সিং। তাদের সম্পর্ক কয়েক মাস ধরে সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে আসছে।
বৃহস্পতিবার সকাল থেকেই টালিগঞ্জে শোনা যাচ্ছে, শুক্রবার নাকি তাদের বিয়ে। যদিও পুরো বিষয়টি নিয়েই মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী ও তার পরিবার। এরই মাঝে একটি ছবি ভাইরাল হয়ে গেছে।
জি নিউজ জানায়, চণ্ডীগড়ে রোশানের বাড়িতে নাকি বসছে বিয়ের আসর। এ জন্য দুদিন আগেই নাকি সেখানে উড়ে যান শ্রাবন্তী ও তার পরিবার।
অনেকে বলছেন পয়লা বৈশাখে নাকি বাগদান সেরেছেন শ্রাবন্তী ও রোশান। কিন্তু তৃতীয় বিয়ের কোনো খবর যাতে প্রকাশ্যে না আসে সে বিষয়ে সদা তৎপর ছিলেন অভিনেত্রী।
আরও শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরে বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা।
এসব গুঞ্জনের মাঝেই ফেসবুকে ঘোরাফেরা করছে শ্রাবন্তী ও রোশানের একটি ছবি। যদিও ছবিটি বিয়ের অনুষ্ঠানের নাকি বাগদান অনুষ্ঠানের সে বিষয়ে স্পষ্ট তথ্য কেউই দিতে পারছেন না। ছবিতে শ্রাবন্তী ও রোশন দুজনের গলাতেই রয়েছে মালা ও কপালে তিলক।
জানা যাচ্ছে, মন্টি ওরফে রোশান শ্রাবন্তীর ভগ্নিপতির খুবই পরিচিত। সেখান থেকেই তাদের মাস চারেক আগে পরিচয়। এরপর বেশ কিছু পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে ভীষণ পছন্দ।
