খোঁজ মিলছে না সারিকার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১২:১৩ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। হঠাৎ করেই যেন হারিয়ে গেছেন এই অভিনেত্রী। কারণ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খুব সরব ছিলেন, সেখানে তার কোনো আপডেট নেই অনেক দিন। ব্যক্তিগত মোবাইলেও পাওয়া যাচ্ছে না তাকে। অনেক দিন ধরেই বন্ধ রয়েছে তার ফোন নম্বর।

এদিকে, মিডিয়ায় তার ঘনিষ্ঠ যারা, তাদের সঙ্গে যোগাযোগ করেই মিলল একই উত্তর। তারাও জানেন না কোথায় আছেন সারিকা। অনেক দিন ধরে তাদের সঙ্গেও যোগাযোগ নেই। সারিকার কাছের বন্ধু চলচ্চিত্র তারকা ইমন। সম্প্রতি এই দুই তারকার প্রেমের সম্পর্ক নিয়েও খবর প্রকাশ হয়। কিন্তু ইমনের সঙ্গেও নাকি কোনো ধরনের যোগাযোগ নেই এই অভিনেত্রীর। ইমন বলেন, ‘ওর সঙ্গে অনেক দিন ধরেই আমার কোনো ধরনের যোগাযোগ নেই। কোথায় আছে তাও জানি না। প্রায় তিন মাস আগে সবশেষ ওর সঙ্গে আমার কথা হয়েছিল। কাজের প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো খবর পাচ্ছি না। মিডিয়া তো প্রফেশনাল জায়গা। এখানে এর বাইরে গিয়ে চললে তো হবে না।’

ঘনিষ্ঠজনরা বলছেন, সারিকা তার ক্যারিয়ারের শীর্ষে ওঠার পর তারকাখ্যাতি মেনটেইন করতে পারেননি। সময় মেনে কাজ না করা, বিয়ে করে মিডিয়া থেকে দূরে সরে যাওয়া, হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন, তার ক্যারিয়ারের জন্য কাল হয়েছে। কিন্তু যখন সারিকা সচেতন হয়েছেন, তখন আর সারিকার আগের জায়গায় ফিরে যেতে পারেননি।

সারিকার অনেক নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘সারিকা দেখতে সুন্দর ছিল, অভিনয়েও ভালো ছিল, রুচিবোধ ছিল, ওর পরিবারও ভালো ছিল। কিন্তু যে মানুষ জীবনের হিসাবে কিছু ভুল করে ফেলে, শৃঙ্খলা মেনটেইন করতে পারে না, তার জীবন থেকে অনেক উপাদানই হারিয়ে যায়। যেটা ওর বেলায় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আবার কেউ যদি জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়ার পর রিকভার শেষে ফের ভুল স্রোতে গা ভাসিয়ে দেয়, তখন আর সে নিজেকে নিজেই ভালোবাসবে না। আর মানুষ যখন ডিসিপ্লিন হবে না, এরপর একটা সময় গিয়ে সে আর নিজেকে খুঁজে পাবে না।’

সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু ২০১৩ সালের মাঝামাঝি হঠাৎ করেই নাটক ও মডেলিংয়ে অনিয়মিত হয়ে পড়েন। ২০১৪ সালে জানা যায়, ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্মও হয়। কিন্তু সাংসারিক জীবনে বনিবনা না হওয়ার কারণে একটা সময় গিয়ে ভেঙে যায় সংসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত