গত বুধবার মুক্তি পেয়েছে একঝাঁক তারকাসমৃদ্ধ বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কলঙ্ক’। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দুর্দান্ত সূচনা করল ছবিটি। ছবির গল্প ও অভিনয় নিয়ে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও তা টিকিট কাটতিতে কোনো বাধা ফেলতে পারেনি। মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছে প্রায় ২২ কোটি রুপি। আয়ের এ হিসাবে চলতি বছর মুক্তি পাওয়া আগের সব ছবিকে পেছনে ফেলে শীর্ষস্থানের রেকর্ডটি নিজের করে নিয়েছে কলঙ্ক। এ বছর মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে কেসরি, গাল্লি বয়, উরি ও টোটাল ধামাল। কলঙ্ক ছবিটি নির্মাণ করেছেন অভিষেক বর্মণ ও প্রযোজনায় ছিলেন করণ জোহর। মজার ব্যাপার হলো, আলিয়া-বরুণ জুটির এটিই প্রথম চলচ্চিত্র, যা মুক্তির প্রথম দিনে এত রেকর্ডসংখ্যক অর্থ আয় করল। যথারীতি এবারও চলচ্চিত্রের সমালোচক ও বাণিজ্য-বিষয়ক বিশেষজ্ঞ তারান আদর্শ কলঙ্ক ছবি নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি টুইটবার্তায় ছবিটিকে মাত্র ২ পয়েন্ট রেটিং দিয়েছেন। তবে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে তিনি জানিয়েছেন, এ বছর মুক্তি পাওয়া অন্য সব ছবিকে পেছনে ফেলেছে কলঙ্ক। প্রথম দিন এর আয় ২১ কোটি ৬০ লাখ রুপি। এর আগে মুক্তির প্রথম দিন ২১ কোটি ৬ লাখ রুপি আয় করে কেসরি আছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে আছে গালি বয়। এর প্রথম দিনের আয় ১৯ কোটি ৪০ লাখ রুপি। এ ছাড়া একই সময়ে টোটাল ধামাল-এর আয় ১৬ কোটি ৫০ লাখ রুপি।
লাহোরের কাছে হুসনাবাদ এ ছবির প্রেক্ষাপট। দেশভাগকে নিয়ে এগিয়ে চলেছে ছবিটির গল্প। হুসনাবাদের সবচেয়ে ধনী পরিবারের বউ রূপ। দেবের স্ত্রী রূপ প্রেমে পড়েন জাফরের। এ প্রেম ধীরে ধীরে প্রকাশিত হয় বাহার বেগমের চোখের সামনে। দেশভাগের প্রেক্ষাপটে কীভাবে পরিণতি পায় এ জটিল প্রেম কাহিনী, কলঙ্ক তারই প্রতিচ্ছবি তুলে ধরে। ছবিটির গল্প নির্মাণশৈলী এবং এর অভিনেতাদের নিয়ে চুলচেরা বিশ্লেষণও শুরু হয়েছে। রাজা সেন নামের একজন সমালোচক রিভিউ করতে গিয়ে বলেছেন, কলঙ্ক ছবিটি ‘আকর্ষণীয়’ বটে, কিন্তু এতে আত্মিক বিষয়ের অভাব রয়েছে। যদিও তিনি বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, মাধুরী ও আদিত্য রায় কাপুরের অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। আলিয়া ভাটের অভিনয় নিয়ে সমালোচকদের মন্তব্য, ছবিটিতে অভিনয় করে ফের নিজের জাত চিনিয়েছেন এ অভিনেত্রী। তাদের আরও ভাষ্য, অনুভূতির সূক্ষ্ম প্রকাশে দারুণ সাবলীল আলিয়া। তবে ছবিটিতে পরম্পরা ধরে গল্পের এগিয়ে চলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
এদিকে, মুক্তির এক দিনের মাথায় অনলাইন পাইরেসি ওয়েবসাইট ‘তামিলরকার্স’ ‘কলঙ্ক’ সিনেমাটি ফাঁস করে দিয়েছে। বেআইনিভাবে সিনেমা ডাউনলোড ও পাইরেসি কঠোর হাতে আটকানোর পরও সিনেমা ব্যবসায়ীদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি।
