সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধরজামতৈল গ্রামে সড়ক ও সেতু নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার সকালে ধরজামতৈল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করে।
আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে হাজি মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মানিকচান সরকার, শামীম আকন্দ, আবদুুল মজিদ, নূরু মোল্লা, আবদুল কাদের প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এ গ্রামে রাস্তাঘাট, কালভার্ট, সেতু নির্মাণসহ তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি সেতু ও সড়ক নির্মাণের অভাবে এলাকার ১০ হাজার মানুষকে অতিরিক্ত ৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়। আর ওই সড়কেও মাটি নেই। নদীর ধার দিয়ে অতি কষ্টে হেঁটে চলাচল করতে হয়। তারা অবিলম্বে গ্রামের সড়ক ও নদীর ওপর একটি সেতু নির্মাণের জোর দাবি জানান।
