আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দলের যৌথ সভায় অস্ত্র নিয়ে প্রবেশ করায় দলটির এক নেতা আটক হয়েছেন। আটক এম এ মান্নান ঢাকা মহানগর ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের যৌথ সভা থেকে তাকে আটক করা হয় বলে পল্টন থানার ওসি মাহমুদুল হক জানিয়েছেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, তার কাছে লাইসেন্স করা পিস্তল থাকলেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অস্ত্র নিয়ে ঢোকার নিষেধাজ্ঞা না মানায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভা চলাকালীন বঙ্গবন্ধু এভিনিউয়ের আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ওই এলাকায় সব সড়কে ছিল পুলিশের টহল টিম। আশপাশের ভবনগুলোতেও অবস্থান নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন নিরাপত্তাবেষ্টনীর মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যৌথ সমাবেশে যোগ দিতে থাকেন। এরই একপর্যায়ে এম এ মান্নান তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাকে চেক করার পর অস্ত্র পাওয়া গেলে পল্টন থানা-পুলিশ আটক করে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এম এ মান্নান জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই তিনি লাইসেন্স করা অস্ত্রটি সব সময় কাছে রাখেন। প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি বঙ্গবন্ধু এভিনিউতে যান।
এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ দেশ রূপান্তরকে বলেন, তিনি ভুল করে প্রধানমন্ত্রীর সভাস্থলে বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করার সময় পুলিশের হাতে আটক হয়েছেন। এখন বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।
