সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘জেসকা হেলথ কেয়ার কমপ্লেক্সের’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গায় কমপ্লেক্সের উদ্বোধন করেন ঝিনাইদহ প্রাক্তন ক্যাডেট সমিতির (জেসকা) সভাপতি শেখ মারুফ হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ নৌপুলিশের এ উপমহাপরিদর্শক (ডিআইজি) বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় আমরা ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি। আমাদের দায়িত্ব রয়েছে সেবার মাধ্যমে কিছুটা হলেও জনগণের সেই ঋণ পরিশোধের। এ কারণেই জেসকার সদস্যরা খুলনা অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়। তার অংশ হিসেবেই জেসকা হেলথ কেয়ার কমপ্লেক্স।’ নির্মিতব্য নয়তলা কমপ্লেক্সে ডায়াগনস্টিক সেন্টার, এক্স-রে, অপারেশনসহ সব ধরনের উন্নতমানের চিকিৎসাসুবিধা থাকবে বলেও জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ খুলনা ক্লাবের সভাপতি আরিফুজ্জামান ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
