ঢাকা প্রিমিয়ার লিগে রোববার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেড। পয়েন্ট টেবিলের যে চিত্র তাতে সুপার লিগের এই ম্যাচটিকে বলা যায় অঘোষিত ফাইনাল। শীর্ষ দুই দলের এই লড়াইয়েই হয়ে যেতে পারে শিরোপার নিষ্পত্তি।
আবাহনীর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে রূপগঞ্জ আছে কিছু এগিয়ে। মানসিকভাবেও দলটা বেশ চাঙা। রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ তো বেশ আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ যেই হোক, তা নিয়ে ভাবনা নেই জাতীয় দলের সাবেক এই তারকার।
শনিবার আবাহনী ম্যাচ নিয়ে আফতাব সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দেখুন আমরা কিন্তু প্রথম ম্যাচটি (আবাহনীর বিপক্ষে লিগ পর্বের ম্যাচ) ভালোভাবেই জিতেছি। আমরা কোনো ম্যাচই ম্যাচ হিসেবে নিচ্ছি না। আমাদের লক্ষ্য এবং স্লোগানই একটি যে আমরা দুই পয়েন্ট নিয়ে এগোব। আমরা প্রতিপক্ষ দলকে ফলো করছি না। টেবিলের যে দুই পয়েন্ট আছে সেটিতে গুরুত্ব দিচ্ছি।’’
১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রূপগঞ্জ। আবাহনী ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। রোববার রূপগঞ্জ জয় পেলে চার পয়েন্ট এগিয়ে যাবে। এক রাউন্ড থাকতেই শিরোপারও নিশ্চিত হয়ে যাবে তাতে। চ্যাম্পিয়ন হবে রূপগঞ্জ।
আর শিরোপার আশা টিকিয়ে রাখতে জিততেই হবে আবাহনীকে। তারা রূপগঞ্জকে হারালে শেষ রাউন্ডেও যদি দল দুটি নিজ নিজ ম্যাচে জয় পায়, সে ক্ষেত্রে নেট রানরেটে নিষ্পত্তি হবে শিরোপা। আর যে কোনো একটি দল হারলে যে দল জিতবে তারা পাবে শিরোপা। এখানে দুই পয়েন্ট এগিয়ে থাকায় কাজটা সহজ রূপগঞ্জের জন্য।
দলের সাফল্যে মুগ্ধ আফতাব বলছেন, ‘‘সত্যি কথা যখন দলটি বানিয়েছিলাম তখন এত আশা করিনি। আলহামদুলিল্লাহ আমি যে বিশ্বাস করে নিয়েছি তার চেয়ে অনেক বেশি আমাকে উপহার দিয়েছে। প্রত্যেকটি ম্যাচে ওরা যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলছে তাতে আমরা ইনশা আল্লাহ যেকোনো দলকে বিপদে ফেলতে পারব। আমরা যদি এভাবে ক্রিকেট খেলে যাই তাহলে ভালো কিছু আশা করছি ইনশা আল্লাহ।’’
এবারই প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রধান কোচ হিসেবে কাজ করছেন আফতাব। শিরোপা জিতে নতুন এই শুরুকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে তিনি।
