বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমপর্ব শেষ হয়েছে গতকাল। শেষ দিনে ৯ ম্যাচ পর জয়ের মুখ দেখেছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ১৩ দলের লিগে মোহামেডানকে ১২তম স্থানে ঠেলে দিয়ে ১১-তে উঠে এসেছে গোপীবাগের দলটি। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্বাগতিক টিম বিজেএমসিকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
১২ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৮ হারে ব্রাদার্সের সংগ্রহ ৮ পয়েন্ট। মোহামেডানের ৬ আর টিম বিজেএমসি তলানিতে থাকছে ৪ পয়েন্ট নিয়ে। প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বেও যদি অবস্থান একই থাকে তবে ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ লিগ থেকে পতন ঘটবে মোহামেডানের। ওদিকে নিজেদের মাঠে দ্বিতীয়বারের মতো হারতে হয়েছে আরামবাগকে। এর আগে আবাহনীর কাছে হেরেছিল দলটি। নিজেদের ভেন্যুতে খেলা ৭ ম্যাচের ৫টি জেতা আরামবাগ ১২ ম্যাচে ১৯ পয়েণ্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে প্রথম পর্ব শেষ করল। গতকাল ম্যাচের ৭৭ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন সুজা। সতীর্থ জ্যাক ডেনিয়েলের পাসে বড় ডি বক্সের ওপর থেকে তার জোরালো শট জালে জড়ায়।
নোয়াখালীতে অষ্টম জয় পেয়েছে শেখ রাসেল। যদিও দুর্বল টিম বিজেএমসির বিপক্ষে গোল উৎসব করতে পারেনি ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা দলটি। ৪২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স রাফায়েলের গোলে জয় নিশ্চিত হয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকছে বিজেএমসি।
প্রথমপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। নবাগত দলটির সংগ্রহ ৩৪ পয়েন্ট। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। প্রথমপর্ব শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকার সবার ওপরে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা এবং নাবিব নেওয়াজ জীবন ও মুক্তিযোদ্ধার আইভরিয়ান স্ট্রাইকার বালো ফামোসা। প্রত্যেকে করেছেন ৮ গোল করে। এছাড়া ৭ গোল করে আছে বসুন্ধরা কিংসের মার্কোস ভিনিসিয়াস এবং রহমতগঞ্জের কঙ্গোলিজ স্ট্রাইকার সিও জুনাপিওর।
দ্বিতীয়পর্বের জন্য ফুটবলার রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। দ্বিতীয়পর্ব শুরুর সম্ভাব্য তারিখ ৫ মে।
