জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের আন্দোলন সফল হবে। কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণ সম্পৃক্ত ছিল, তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই এ সফলতা আসবে। গতকাল শনিবার ৮৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।
এর আগে গণফোরামের নেতাকর্মীরা ড. কামালকে শুভেচ্ছা জানান। তিনি নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের নিয়ে জন্মদিনের কেকও কাটেন।
গণফোরামের জনপ্রিয়তা বেড়েছে এ দাবি করে ড. কামাল বলেন, ‘দেশ আরও এগিয়ে যাবে। গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার ভালো ভালো লোকজন এগিয়ে এসে গণফোরামে যোগ দিয়েছেন। তারা যোগদান করছেন এ জন্য যে আমাদের দল কর্মক্ষম, আমাদের দলের জনপ্রিয়তা বাড়ছে এবং তারা এসে অবদান রাখতে চান।’
তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে শক্তিশালী সংগঠন ছাড়া অর্থপূর্ণ কাজ করা যাবে না। দেশে পরিবর্তন আনা যাবে না। আমরা গর্ব করি যে আমরা টাকার বিনিময়ে রাজনীতি করি না। আমরা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করি না। আমরা জনগণের ওপর ভিত্তি করে অসাম্প্রদায়িক রাজনীতি করি।’
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, আলতাফ হোসেন, সিরাজুল হক, অধ্যাপক আবু সাইয়িদ, ড. রেজা কিবরিয়া, আ ম সা আ আমিন, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।
সাংসদ মোকাব্বিরকে শোকজ : সন্ধ্যায় গণফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় এম মোকাব্বির খানকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই তাকে শোকজের চিঠি পাঠানো হবে।
