পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখ উপলক্ষে আয়োাজিত মেয়র নাইট অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণীর নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ায় সর্বত্র চলছে আলোচনার ঝড়। বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় এলাকায় বইছে সমালোচনার ঝড়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, এক তরুণী একটি হিন্দি গানের তালে তালে শহীদ মিনারের বেদিতে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নৃত্য করছেন। এ সময় উপস্থিত দর্শকরা করতালি দিয়ে, শিস বাজিয়ে এবং বিভিন্ন অশ্লীল উক্তি করে তাদের অভিব্যক্তি প্রকাশ করছে। অনেকেই তাদের মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করছে।
এ ঘটনায় এর মধ্যে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে কমিটির প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। ওই কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ও ঘূর্ণিঝড় প্রস্তুতির সহকারী পরিচালক আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, শহীদ মিনারে হিন্দি গানের সঙ্গে নৃত্যের ভিডিও ভাইরাল হওয়ার পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, চিঠি পেয়েছি। আজ রবিবার তদন্ত কাজ শুরু করব।
এ ব্যাপারে কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
