বায়োপিকের পর এবার বন্ধ মোদির ওয়েব সিরিজ

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৪:১৩ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত অনলাইন ওয়েব সিরিজ বন্ধে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল শনিবার ভারতের নির্বাচন কমিশন এক চিঠিতে ওয়েব সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান ইরসকে জানায়, ‘প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে দেখা যাচ্ছে শ্রী নরেন্দ্র মোদি নামের এই ওয়েব সিরিজটি প্রধানমন্ত্রী এবং একজন রাজনৈতিক নেতা যিনি বর্তমান লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আছেন তাকে নিয়ে নির্মাণ করা হয়েছে। এই ওয়েব সিরিজ প্রদর্শন করা যেতে পারে না।  নির্বাচন কমিশনের নির্দেশপত্রে আরও বলা হয়, ‘এই ওয়েব সিরিজটির ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে এতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির শৈশবকাল থেকে জাতীয় নেতা হওয়া পর্যন্ত ধাপগুলো দেখানো হয়েছে। এ ধরনের কোনো আত্মজীবনী যা কোনো রাজনৈতিক উদ্দেশে অথবা কোনো ব্যক্তিবিশেষকে নিয়ে হলেওৃএটা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে ব্যাহত করে। এটা অবশ্যই দেখানো উচিত হবে না।’

গত ১৩ এপ্রিল এই ওয়েব সিরিজের প্রদর্শনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। তাদের দাবি ছিল এই সিরিজ প্রদর্শিত হলে তা নির্বাচনী আচরণবিধিকে লংঘন করবে। এই সিরিজের মাধ্যমে দর্শক ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ ছিল কংগ্রেসের। প্রথম দফা নির্বাচনের আগেই ৩ এপ্রিল অনলাইনে বেশ কয়েকটি পর্ব মুক্তি পেয়েছে। তবে বাকি ৫টি পর্ব ইরস-এর ডিজিটাল সাইট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে ভারতের নির্বাচন কমিশন মোদির আত্মজীবনী নিয়ে নির্মিত ‘পিএম নরেন্দ্র মোদি’র প্রদর্শন নিষিদ্ধ করে। আত্মজীবনীটিতে পরিচালক ওমুং কুমার মোদির রাজনৈতিক ক্ষমতায় উঠে আসা এবং তার জীবনের বিভিন্ন দিক তুলে আনেন। বায়োপিকটিতে অভিনয় করেন বলিউডের অভিনেতা ও ভারতীয় জনতা পার্টির সমর্থক বিবেক ওবেরয়।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারক দীপক গুপ্ত ও সঞ্জীব খান্নার সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ২২ এপ্রিল বায়োপিকটির মুক্তি নিয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে এনডিটিভি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত