আরও একবার দলে নিজের গুরুত্বের কথা জানান দিলেন জর্দি আলবা। স্প্যানিশ এই ডিফেন্ডারের গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার আরও কাছে চলে এসেছে বার্সেলোনা।
কাম্প নউয়ে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় এরনেস্তো ভালভেরদের দল। বিরতিতে যাওয়ার ঠিক আগে ক্লেমোঁ লংলের গোলে এগিয়ে গেলেও ব্যবধানটা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় অতিথি দল। এর দুই মিনিটের মধ্যেই বার্সেলোনাকে মেসির পাস থেকে জয়সূচক গোল এনে দেন আলবা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে বার্সেলোনা। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৭। শেষ ছয় ম্যাচে ৫ পয়েন্ট পেলেই শিরোপা জয়ের উল্লাসে মাতবে তারা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় বার্সেলোনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। ৪৫তম মিনিটে অপেক্ষার অবসান ঘটে। উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জালে বল জড়ান ফরাসি ডিফেন্ডার লংলে।
৬২তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে বসে সোসিয়েদাদ। রক্ষণচেরা পাসে বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ানমি।
দুই মিনিট পরই জয়সূচক গোলের দেখা পেয়ে যায় বার্সেলোনা। মেসির পাস পেয়ে ডি-বক্সে একজনকে পরাস্ত করে ডান পায়ের দারুণ শটে দূরের জালের দেখা পান আলবা।
