চ্যাম্পিয়ন পিএসজির জয়ে এমবাপের হ্যাটট্রিক

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৮:২১ এএম

মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হওয়া পিএসজি মোনাকোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে। লিগ ওয়ানে ঘরের মাঠে দলের এই দাপুটে জয়ে একাই তিন গোল করেন কিলিয়ান এমবাপে।

আগের ম্যাচে তুলুজের বিপক্ষে লিল পয়েন্ট হারানোয় রোববার মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির। সেই আনন্দ নিয়ে দলটি মাঠে নামলেও তেমন উচ্ছ্বাস ছিল না কারও চোখেমুখে। আগুনে পুড়ে যাওয়া প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রালের প্রতি সম্মান দেখাতে জার্সিতে নামের বদলে ‘নটর ডেম’ লিখে মাঠে নামে তারা।

সেই জানুয়ারিতে মাঠের বাইরে চলে যাওয়া নেইমার এই ম্যাচ দিয়ে খেলায় ফেরেন। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়া এই ফরওয়ার্ড বিরতির পর মাঠে নামেন।

নেইমারের দিকে চোখ থাকলেও সব আলো কেড়ে নেন মোনাকোর সাবেক ফরওয়ার্ড এমবাপে। ১৫তম মিনিটে দারুণ একটি কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলটি করেন তিনি। পরের গোল দুটি করেন ৩৮ এবং ৫৫তম মিনিটে। ৮০তম মিনিটে মোনাকোর হয়ে একমাত্র গোলটি করেন রুশ মিডফিল্ডার আলেকসান্দার গোলোভিন।

পিএসজি এই নিয়ে শেষ সাত মৌসুমে ছয়বারই এই শিরোপা জিতল। সামনের শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনাল জিতলে ঘরোয়া ডাবল নিজেদের করবে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত