রিয়াল মাদ্রিদের হয়ে উড়ছেন করিম বেনজেমা। দল হারুক-জিতুক বা ড্র করুক গোল করেই যাচ্ছেন ফরাসি এই স্ট্রাইকার। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। তাতে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।
বেনজেমার হ্যাটট্রিকে রোববার রাতে লা লিগার ম্যাচে আথেলেতিককে ৩-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের ৪৭, ৭৬ ও ৯০ তম মিনিটে গোল তিনটি করেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন বেনজেমা। রিয়ালের গত আট গোলের সবকটিই এই স্ট্রাইকারের কাছ থেকে পাওয়া। এর আগে ১৯৯৯ সালে ক্লাবটির টানা ছয় গোলের সবকটি করার কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক স্প্যানিশ স্ট্রাইকার ফের্নান্দো মরিয়েন্তেস।
লা লিগায় বেনজেমার গোল পাওয়া গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে রিয়াল। হারতে হয়েছে একটি ম্যাচে; অপর ম্যাচটি ড্র।
