দেশে এখন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে- মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই অস্বাভাবিক অবস্থা থেকে ভালো অবস্থানে আসতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে গণআন্দোলন সৃষ্টি করতে হবে। তাই আপনাদের সকলকে আহ্বান করছি সে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
মোশারফ বলেন, “বাংলাদেশে বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সবন্দী রয়েছে। যারা ব্যাংক লুট করে, গণতন্ত্র লুট করে, দেশের অর্থনীতি আজ তাদের হাতে। তাই শেয়ার বাজারের আজ করুণ অবস্থা।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, “বর্তমান অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে ভয়় পায়। তার দল বিএনপিকে ভয় পায়। এই জন্যই বেগম খালেদা জিয়া আজ কারাগারে। তার কোনো দোষ ছিল না। এখনো দোষ নেই। একটি কারণে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে তা হল- তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে এটা তার দোষ।
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী তিনি আন্দোলনের মাধ্যমে এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আর শহীদ জিয়া বাকশালের হাত থেকে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। অতএব এদেশে গণতন্ত্র হত্যা করার যে ইতিহাস তা হচ্ছে আওয়ামী লীগের। গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস বিএনপি'র। এই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে এসে যায়। যেহেতু আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ভয় পায় সেই জন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে।”
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন,জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড.সৈয়দ এহসানুল হুঁদা প্রমুখ বক্তব্য দেন।
