বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। নাট্যনির্দেশনা ও গবেষণায় শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশজুড়ে তার খ্যাতি রয়েছে। ‘চাকা’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’, ‘রিজওয়ান’ এবং কিছুদিন আগেই ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে নির্দেশনা দিয়ে আলোচিত হয়েছেন তিনি। এই বরেণ্য নাট্যনির্দেশক এবার মুখোমুখি হচ্ছেন আলাপচারিতায়। বলবেন থিয়েটার নিয়ে তার ভাবনা এবং বাংলাদেশের নাট্যচর্চার নানা প্রসঙ্গ নিয়ে। নাট্য সংগঠন বটতলা আয়োজন করছে অনুষ্ঠানটি।
আগামী ৩ মে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে শ্রোতা-দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ৫০ টাকা।
বটতলার আর্টিস্টিক ডিরেক্টর ও আয়োজনটির সমন্বয়ক মোহাম্মদ আলী হায়দার দেশ রূপান্তরকে বলেন, ‘বটতলা এর আগেও এ রকম আলাপ অনুষ্ঠানের আয়োজন করেছে। চতুর্থবারের মতো এমন আয়োজন করছে বটতলা। এবারের আলাপ অনুষ্ঠানটির বিষয় থাকবে ‘সৈয়দ জামিল আহমেদের থিয়েটার ভাবনা : প্রেক্ষিত বাংলাদেশের থিয়েটার’। সঞ্চালনা করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান। আয়োজনটির প্রথম এক ঘণ্টা জামিল আহমেদ বলবেন তার থিয়েটার ভাবনা ও বাংলাদেশের নাট্যচর্চা নিয়ে। এরপর দুই ঘণ্টা দর্শক-শ্রোতা এবং নাট্যপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি। জামিল আহমেদ আমাদের নাট্যাঙ্গনের কিংবদন্তি। তার মুখ থেকে থিয়েটার নিয়ে কথা শোনা আমাদের এ প্রজন্মের নাট্যশিল্পীদের দারুণ একটা অভিজ্ঞতা হবে বলেই মনে করছি।’
উল্লেখ্য, দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে থিয়েটারবিষয়ক উচ্চতর শিক্ষা নিয়েছেন জামিল আহমেদ। বর্তমানে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। নাট্য গবেষণা ও নাট্যনির্দেশনায় নিজেকে করে তুলেছেন অনন্য।
