রোহিঙ্গা সংকট

কাল ঢাকা আসছেন জাতিসংঘের তিন সংস্থার প্রধান

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ এএম

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কাড়তে জাতিসংঘের তিন সংস্থার প্রধান আগামীকাল বুধবার ঢাকা সফরে আসছেন। গতকাল সোমবার জাতিসংঘের এক মিডিয়া অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পে গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘের মানবিক-বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক তিন দিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন। রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণই তাদের সফরের মূল উদ্দেশ্য। যাতে মানবিক সহায়তার পাশাপাশি রাখাইনে নিরাপদ পরিবেশে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। 

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন সময় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে।

সফরকালে জাতিসংঘের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা আগামী শুক্রবার সেখানে সংবাদ সম্মেলন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত