ম্যাচটিতে জয় পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ তিনে উঠে আসতো চেলসি। সেই সুযোগ তৈরি করেও পারলো না তারা। তুলনামূলক কম শক্তিশালী দল বার্নলির সঙ্গে ড্র করেছে মাওরিসিও সাররির দল।
স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করে চেলসি।
খেলা শুরুর অষ্টম মিনিটেই আইরিশ মিডফিল্ডার জেফ হেনড্রিকের গোলে এগিয়ে যায় অতিথি দল। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি চেলসি। দ্বাদশ মিনিটে এডেন হ্যাজার্ডের পাসে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান ফরাসি ডিফেন্ডার এনগলো কঁতে।
দুই মিনিট পরই চেলসিকে এগিয়ে নেন গনসালো হিগুয়াইন। চেজার আসপিলিকুয়েতার পাসে ডি-বক্স থেকে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। এগিয়ে থাকাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেলসি।
২৪তম মিনিটে লড়াইয়ে সমতা ফিরিয়ে বসে বার্নলি। ক্রিস উডের সেট পিস থেকে গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার অ্যাশলি বার্নস। ম্যাচের বাকি সময়ে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
এই ড্রয়ে আর্সেনালকে টপকে চতুর্থস্থানে উঠে এসেছে চেলসি। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬৭। এক পয়েন্ট কম নিয়ে পঞ্চমস্থানে আছে আর্সেনাল।
৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। বার্নলিকে হারাতে পারলে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে আসতে পারতো চেলসি।
৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
